দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে এ ক্ষেত্রে স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের নিজেদের বিষয় নিজেরা পরিচালনার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ম্যান্ডেট বা দায়িত্ব সুরক্ষিত রাখার আহ্বানও জানান শামা ওবায়েদ। সংস্থাটির কার্যক্রম অব্যাহত রাখতে ধারাবাহিক অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।
এমএস/